ইউক্রেনে বর্মভেদী ডিপ্লিটেড ইউরেনিয়ামসমৃদ্ধ অস্ত্র পাঠানোর পরিকল্পনা নিয়েছে বাইডেন প্রশাসন। এটি রাশিয়ার ট্যাংক ধ্বংস করার লক্ষ্যে ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ। আগামী সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। খবর রয়টার্স।
গোলাবারুদগুলো মার্কিন আব্রামস ট্যাংকগুলোতে ব্যবহার করা হতে পারে। যা শিগগিরই ইউক্রেনে সরবরাহ করা হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও সহায়তা প্যাকেজের মূল্য সম্পর্কে চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে ২৪ কোটি থেকে ৩৫ কোটি ৫০ লাখ ডলারের সহায়তা দেয়া হবে। হোয়াইট হাউজ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর বিষয়টি আগে থেকেই বিতর্কিত ছিল। বিশেষ করে বাইডেন প্রশাসনের গুচ্ছ বোমা সরবরাহের আগে সিদ্ধান্ত বেসামরিক নাগরিকদের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
ডিপ্লিটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ ক্যান্সার ও জন্মগত ত্রুটিসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির জন্য বিতর্কিত। এ ধরনের গোলাবারুদের ঘনত্ব বর্ম বা শরীরে থাকা ভেস্ট ভেদ করতে সক্ষম। এগুলো তেজস্ক্রিয় হয়ে থাকে। গালফ যুদ্ধ ও সাবেক যুগোস্লাভিয়ায় ন্যাটোর বোমা বর্ষণে যুক্তরাষ্ট্র এ ধরনের গোলাবারুদ ব্যাপকভাবে ব্যবহার করেছিল।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, পরিবেশে ডিপ্লিটেড ইউরেনিয়াম অবশিষ্টাংশ রেডিওলজিক্যাল বিপদ তৈরি না করলেও এসব ইউক্রেনের যুদ্ধোত্তর পরিবেশকে জটিল করে তুলতে পারে। সহায়তা প্যাকেজের তহবিল অনুমোদন প্রেসিডেন্সিয়াল ড্র-ডাউন অথরিটির মাধ্যমে হয়ে থাকে, যা রাষ্ট্রপতিকে জরুরি অবস্থার সময় মার্কিন স্টক থেকে পরিষেবা স্থানান্তর করার অনুমতি দেয়।










