সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে চড়ে রাজধানী দামেস্ক ছেড়েছেন। তার গন্তব্য অজানা বলে দুইজন জ্যেষ্ঠ সিরীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর বলছে, দামেস্ক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া একটি ব্যক্তিগত বিমান সম্ভবত আসাদকে বহন করছিল। বিমানবন্দর থেকে বিমানের উড্ডয়নের পর সরকারি বাহিনীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে, বিদ্রোহী বাহিনী জানিয়েছে যে তারা সিরিয়ার রাজধানীতে প্রবেশ শুরু করেছে। দামেস্কে বিদ্রোহী বাহিনী প্রায় বিনা বাধায় প্রবেশ করছে। বন্দুকযুদ্ধের কোনো খবর পাওয়া যায়নি। রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ভবন দখল করে নিয়েছে বিদ্রোহীরা।
এদিকে, সিরীয় সেনাবাহিনী প্রতিরক্ষা দপ্তর ছেড়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। তারা রাজধানী দামেস্ক ত্যাগ করছে।
হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) কমান্ডার আবু মোহাম্মদ আল-জুলানি বলেছেন, সরকারের পতন আসন্ন এবং তার গ্রুপ তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর জনগণকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
১৯৭০-এর দশকের শুরুতে সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের সূচনার কথা উল্লেখ করে বিবিসি বলেছে, সিরিয়ায় হয়তো ৫৪ বছরের স্বৈরশাসনের শেষ কয়েক ঘণ্টা অতিবাহিত হচ্ছে এখন বা, শেষ কয়েক মিনিট।
কাতার, সৌদি আরব, জর্ডান, মিশর, ইরাক, ইরান, তুরস্ক এবং রাশিয়া এক যৌথ বিবৃতিতে সংকটকে ‘বিপজ্জনক পরিস্থিতি’ বলে উল্লেখ করেছে এবং তারা একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।










