যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি তার সমস্ত ভবনের যৌথ ওজনের চাপে ডেবে যাচ্ছে। যা ক্রমান্বয়ে বিশ্বের অতিপরিচিত শহরটির জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। খবর সিএনএন।

গবেষণায় দেখা যায়, বৈশ্বিক সমুদ্রপৃষ্টের উচ্চতা বাড়ার তুলনায় এই শহরের চারপাশে এ হার দ্বিগুণেরও বেশি। ২০৫০ সাল নাগাদ বৃদ্ধির পরিমাণ ৮ থেকে ৩০ ইঞ্চির মাঝে দাঁড়াতে পারে।

কারণ হিসেবে জীবাশ্ম জ্বালানি সম্পর্কিত জলবায়ু সংকটকেও গুরুত্বের সঙ্গে দেখছেন গবেষকরা। যার কারণে ঘন ঘন ঘূর্ণিঝড় ও চরম মাত্রার বৃষ্টিপাত হচ্ছে।

আর্থস ফিউচার জার্নালে প্রকাশিত ওই গবেষণাপত্রের লক্ষ্য ছিল উপকূলীয়, নদীর তীর বা হ্রদ সংলগ্ন এলাকায় উঁচু ভবনগুলো কীভাবে ভবিষ্যত বন্যার ঝুঁকি তৈরি করছে; তা পর্যবেক্ষণ। সম্ভাব্য বিপজ্জনক প্রভাবগুলো কমানোর জন্য ব্যবস্থার পরামর্শও দেয়া হয়।

গবেষকরা নিউইয়র্ক শহরের পাঁচটি অঞ্চল জুড়ে বিদ্যমান দশ লাখ ৮৪ হাজার ৯৫৪টি ভবনের ওজন হিসাব করেন। এর মাঝে ছয় হাজারের বেশি আকাশছোঁয়া ভবন রয়েছে, যার ২৪৭টি ১৫০ ফুটের বেশি উঁচু। সব মিলিয়ে মোট ওজন ৭৬ হাজার ২০০ কোটি কেজি। অর্থাৎ, ১৯ লাখ সম্পূর্ণ লোডিং বোয়িং ৭৪৭-৪০০ এর সমান।

বিভিন্ন ধরনের ডেটা বিশ্লেষণ করে গবেষকরা বলেন, বছরে গড়ে প্রায় ১-২ মিলিমিটার দেবে যাচ্ছে নিউইয়র্ক। কিছু কিছু এলাকায় এ পরিমাণ সাড়ে ৪ মিলিমিটার।

তবে সব ডেবে যাওয়া ভবনের ওজনের কারণে নয়। কিছু ডেটা বলছে, খুব বেশি নরম মাটি ও কৃত্রিম উপায়ে ভরাট করে নির্মাণের চাপ পড়ছে মাটিতে। আবার কিছু নিম্নমুখীতা ব্যাখ্যা করা কঠিন বলে জানান গবেষকরা। এর অনেক কারণ থাকতে পারে। যেমন শেষ বরফ যুগের পরে হিমবাহের শিথিলকরণ ও ভূগর্ভস্থ পানি তুলে আনা।

গবেষণা অনুসারে লোয়ার ম্যানহাটন, ব্রুকলিন ও কুইন্সের কিছু এলাকা গড়ের চেয়ে দ্রুত গতিতে ডেবে যাচ্ছে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়ে অবনমন আগাম বন্যার হুমকি সৃষ্টি করতে পারে। তবে এটি শুধু নিউইয়র্কের সমস্যা নয়, সারা বিশ্ব এ সমস্যায় ভুগছে। ইউনিভার্সিটি অব রোড আইল্যান্ডের গবেষকরা বিশ্বের ৯৯টি শহরের দিকে নজর রেখে এই তথ্য পেয়েছেন। যা শুধু উপকূলীয় নয়, অভ্যন্তরীণ এলাকাগুলোর বেশিরভাগেই কমবেশি এ সমস্যা রয়েছে।

এছাড়া ২০২২ সালের সেপ্টেম্বরের এক সমীক্ষায় দেখা গেছে, ৪৮টি সর্বাধিক জনবহুল উপকূলীয় শহরের মধ্যে ৪৪টি এমন এলাকা রয়েছে যেগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়ে দ্রুত উচ্চতা হারাচ্ছে।