উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনা দুই দেশের সামরিক সহযোগিতাকে শক্তিশালী করবে বলে আশা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) এ কথা বলেন পুতিন। খবর বিবিসি।

রাষ্ট্রায়ত্ত মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা যায়, কিম জং উনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। দুই নেতা হাত মেলানোর সময় মুচকি হাসছেন।

গতকাল তারা মহাকাশ স্থাপনা ভোস্টোচনি কসমোড্রোম ঘুরে দেখেন। এ সময় পিয়ংইয়ংয়ের মহাকাশ গবেষণা বিকাশে সহযোগিতার আশ্বাসও দেন পুতিন।

এর আগে গত মঙ্গলবার বিশেষ সাঁজোয়া ট্রেনে হাজার কিলোমিটার পথ অতিক্রম করে রাশিয়ায় প্রবেশ করেন কিম।

মন্ত্রীদের সঙ্গে নিয়ে ৭০ বয়সী পুতিন ও ৩৯ বছরের কিম কয়েক ঘন্টা আলোচনা করেন। বৈশ্বিক পরিস্থিতি ও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো উঠে আসে রুদ্ধদ্বার বৈঠকে। এরপর দুই নেতা মধ্যাহ্নভোজে অংশ নেন।

আলোচনার বিস্তারিত প্রকাশ না হলেও যুক্তরাষ্ট্র আগে থেকে বলে আসছে, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের জন্য অস্ত্র কেনার চেষ্টা করছে মস্কো।

হুঁশিয়ারি দিয়ে বলেছে, পিয়ংইয়ংয়ের স্যাটেলাইট প্রোগ্রামে মস্কো যেকোনো সহায়তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করবে।

বার্তা সংস্থা বলছে, কিমের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণও গ্রহণ করেছেন পুতিন।