রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে হংকং। বন্ধ রাখা হয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বিদ্যালয়। ভয়াবহ টাইফুন আঘাত হানার পর দুর্যোগময় এ পরিস্থিতির শিকার হলেন বাসিন্দারা। খবর সিএনএন।

সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, ১৮৮৪ সালের পর এটিই অঞ্চলটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত। অর্থাৎ, ১৩৯ বছরে এ পরিমাণ বৃষ্টি দেখা যায়নি।

গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বন্যা শুরু হয়। এক রাতেই ১৫৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ সময় ঝড়বৃষ্টির সর্বোচ্চ সতর্কতা সংকেত ‘ব্ল্যাক’ জারি করেছিল স্থানীয় আবহাওয়া ব্যুরো। বাড়ির ভেতরে থাকার বা নিরাপদ আশ্রয় খোঁজার জন্য বাসিন্দাদের অনুরোধ করা হয়েছিল। আরো বলা হয়, প্রবল বর্ষণ আকস্মিক বন্যা ডেকে আনতে পারে এবং নদীর কাছাকাছি বাসিন্দাদের সরে যাওয়ার উচিত।

আজ শুক্রবার সকালের ছবি ও ভিডিওতে শহরের কিছু অংশ পানির নিচে দেখা যাচ্ছে। এছাড়া শহরের প্লাবিত রাস্তায় আটকে আছে গাড়ি। এর মাঝেই মানুষ হেঁটে যচ্ছেন। এরই মধ্যে আংশিকভাবে নিমজ্জিত যানবাহনে আটকে থাকা গাড়ি চালকদের উদ্ধার করা হয়েছে। এছাড়া কিছু পার্কিং লট প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ফুটেজে দেখা গেছে, উত্তরের জেলা ওং তাই সিনের একটি পাতাল রেল স্টেশন পানিতে নিমজ্জিত। বন্যার কারণে সাবওয়ে লাইনের বেশ কয়েকটি স্টপেজের ট্রেন পরিষেবা স্থগিত রাখা হয়েছে। বাস, ট্রাম ও ফেরি পরিষেবাও স্থগিত করা হয়েছে। 

আজ সকালে অঞ্চলটির সরকার সব স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দেয়। এছাড়া কর্মস্থলে সশরীরে থাকার দরকার নেই এমন কর্মচারীদের নিরাপদ স্থানে থাকার অনুমতি দিতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে।