আজারবাইজান সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি। খবর ডেইলি সাবাহ।
কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ান বাহিনীর বিরুদ্ধে আজারবাইজানের অভিযানের পর অঞ্চলটিতে এ সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট। ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, আজই দেশটিতে যেতে পারেন তিনি। সফরে তিনি নাখচিভান অঞ্চল পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আজেরি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এরদোগান।
এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে দেয়া ভাষণে বিরোধপূর্ণ কারাবাখ অঞ্চল নিয়ে কথা বলেন এরদোগান। তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে আলোচনা প্রক্রিয়াকে সমর্থন করেছি। তবে এখন দেখতে পাচ্ছি আর্মেনিয়া এ ঐতিহাসিক সুযোগটি পুরোপুরি গ্রহণ করতে পারেনি।’
তিনি বলেন, ‘এটা সবাই মেনে নিয়েছে যে কারাবাখ আজারবাইজানি ভূখণ্ড। এ অঞ্চলের ওপর অন্য কোনো মর্যাদা আরোপ কখনই মেনে নেয়া হবে না।’
এখন আমাদের প্রাথমিক লক্ষ্য আজারবাইজানি ভূখণ্ডে থাকা আর্মেনীয়দের পাশাপাশি সবার শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।’
আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পদক্ষেপকে তুরস্ক সমর্থন করে বলে জানান এরদোগান। আর্মেনিয়া জাঙ্গেজুর করিডর খোলার মতো প্রতিশ্রুতিগুলো পূরণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট। করিডরটি নাখচিভান অঞ্চলের মাধ্যমে আর্মেনিয়াকে আজারবাইজানের সঙ্গে যুক্ত করেছে। এ সংযোগ সড়কটির মাধ্যমে আর্মেনিয়ার সিউনিক প্রদেশ হয়ে আজারবাইজানের যাতায়াত ছিল।










