গুরুত্বপূর্ণ একটি নদী বন্দরে আবারো
ড্রোন হামলা করেছে রাশিয়া, এ দাবি ইউক্রেনের। সীমান্তবর্তী ইজমাইল এলাকার ওই হামলায়
একজন নিহত হয়েছেন। খবর বিবিসি।
ন্যাটোভুক্ত দেশ রোমানিয়া থেকে নেমে
এসেছে দানুবে নদী। সীমান্তে ইজমাইল বন্দরটি অবস্থিত। গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)
দিবাগত রাতের ওই হামলায় কৃষি অবকাঠামো ও বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন অডেসা
প্রদেশের গভর্নর ওলেহ কিপার।
ইউক্রেন দাবি করছে, হামলার সময় রুশ
ড্রোন রোমানিয়ার ভূখণ্ডে অবতরণ করে। তবে প্রতিবেশী দেশটি এ দাবি প্রত্যাখ্যান করেছে।
চলতি সপ্তাহের শুরুতেও ইজমাইল বন্দরে
হামলা চালিয়ে ইউক্রেনের পণ্য রফতানিতে বাধা দেয়ার চেষ্টা করে রাশিয়া।
বিশ্বের অন্যতম প্রধান গম ও ভুট্টা
রফতানিকারক দেশ ইউক্রেন। বিশ্বব্যাপী খাদ্য সংকটের বাস্তবতায় গত বছর জাতিসংঘ ও তুরস্কের
মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন শস্য চুক্তিতে সম্মত হয়।
এর আওতায় ইউক্রেন রফতানি করলেও কয়েক
দফা নবায়নের পর মস্কো অস্বীকৃতিতে সম্প্রতি বন্ধ হয়ে যায়। এরপর ‘মানবিক করিডোরের’ ঘোষণা
দিয়ে শস্য বিক্রি অব্যাহত রাখে কিয়েভ।
সম্প্রতি রাশিয়া সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিনের সঙ্গে চুক্তি নবায়নে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।
এছাড়া জাতিসংঘও স্থায়ী চুক্তিতে আসার আহ্বান জানিয়েছে। তবে মস্কো বরাবরই বলে আসছে,
শর্তসাপেক্ষে তারা চুক্তিতে সম্মত হতে পারে।










