ইরাকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশ ইরানের নাগরিক। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরএনএ এ তথ্য জানায়। খবর আল জাজিরা।
কারবালা শহরে লাখো মানুষ আরবাইন উপলক্ষে হাজির হচ্ছে। হুসাইন ইবনে আলীর চল্লিশা উপলক্ষে প্রতি বছর এ অনুষ্ঠান হয়। সেখানে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।
সালাহউদ্দিন প্রদেশের স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালক খালেদ বুরহানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ আরো জানায়, দুজাইল ও সামারা শহরের মধ্যে এ দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সালাহউদ্দিনের এক মেডিকেল কর্মকর্তা জানান, গত শুক্রবার মধ্যরাতের কিছু আগে দুটি মিনিবাসের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে একটি গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, আরবাইন শুরু হওয়ার পর থেকে এ বছর ২৬ লাখ হজযাত্রী সড়ক বা আকাশপথে ইরাকে প্রবেশ করেছেন। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। গড়ে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৩ জন মারা যায়।










