কানাডার রাজধানী অটোয়ায় বিয়ের অনুষ্ঠানের অভ্যর্থনা স্থানে বন্দুক হামলায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে কনভেশন হলের দক্ষিণের পার্কিং লটে গোলাগুলি হয়। সেখানে একই সময়ে দুটি বিবাহ অনুষ্ঠানের সংবর্ধনা চলছিল। খবর এনডিটিভি।
অটোয়া পুলিশ নিশ্চিত করেছে, গুলিবিদ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন। একজনের বয়স ২৬, অন্যজনের ২৯। তারা টরেন্টো থেকে এসেছিলেন। আহত ৬ জনের মধ্যে মার্কিন নাগরিক রয়েছেন। তাদের অবস্থা গুরুতর নয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ভেন্যুতে দুইটি বিয়ের অনুষ্ঠান চলছিল। হঠাৎ গোলাগুলির শব্দ শুনে অবাক যান অতিথিরা। অনেকে দৌড়ে নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করেন।
ওই রাতে বিয়ের অনুষ্ঠানে অংশ নেন নিকু। তিনি বলেন, হঠাৎ হট্টগোল শুরু হয়ে যায়। যে যার মতো দৌড়াচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তার ঠিক নেই। তিনি আরো বলেন, টানা গুলি হচ্ছিল। কিছুক্ষণ থামল, আবারও শুরু হলো। ১৫ থেকে ১৬টি গুলির শব্দ শুনতে পেয়েছি আমি।










