ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপনডেন্ট ডিনারে আকস্মিক গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি পেশায় একজন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার। সরকারি সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন।

এ ঘটনার পর টমাস অ্যালেনকে আটকের কথা নিজেই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে তার একটি ছবিও পোস্ট করেছেন তিনি। এতে দেখা যাচ্ছে, অর্ধনগ্ন অবস্থায় মাটিতে ফেলে হামলাকারীকে বেঁধে রেখেছে পুলিশ।

মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা। তিনি প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করেছেন। তিনি ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ২০২৫ সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

অ্যালেনের নাম ও ছবির সঙ্গে মিল থাকা একটি লিঙ্কডইন প্রোফাইল খুঁজে পাওয়া গেছে। ওই প্রোফাইলের তথ্য অনুযায়ী, তিনি 'সি২ এডুকেশন' নামের একটি টিউটরিং প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সি২-এর এক পোস্ট থেকে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি অ্যালেনকে মাসের সেরা শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

alen

আর ফেডারেল ইলেকশন কমিশনের (এফইসি) রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার অনুদান দিয়েছিলেন অ্যালেন।

রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠানটি ছিল ওয়াশিংটন হিলটন হোটেলে। সেখানে নৈশভোজে প্রায় ২ হাজার ৬০০ অতিথি ছিলেন। ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী একটি শটগান ব্যবহার করে একজন সিক্রেট সার্ভিস সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। তবে ওই কর্মকর্তা বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় প্রাণে বেঁচে যান এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনাস্থলেই হামলাকারীকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। নজরদারি ফুটেজে দেখা গেছে, তিনি দ্রুত নিরাপত্তা স্ক্রিনিং এলাকা অতিক্রম করার চেষ্টা করছিলেন, তখনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অস্ত্র তাক করে তাকে আটক করেন।

ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান জেফরি ডব্লিউ. ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি একজন অতিথি হিসেবে হোটেলের একটি কক্ষে অবস্থান করছিলেন। তদন্তের অংশ হিসেবে তার কক্ষটি সুরক্ষিত করা হয়েছে।

অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জিনাইন পিরো। তিনি বলেছেন, এ পর্যন্ত যে তথ্য আমাদের হাতে এসেছে, এ থেকে স্পষ্ট, অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্য নিয়েই এসেছিল। তবে প্রবেশমুখের নিরাপত্তা চেকপয়েন্ট কার্যকর থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।