মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে এক হলিডে পার্টিতে হামলায় এক ডজন অংশগ্রহণকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ডজন খানেক মানুষ। গতকাল রোববার (১৭ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

সালভাটিয়েরার শহরে পোসাদা নামের বড়দিন-পূর্ব একটি ঐতিহ্যবাহী পার্টিতে যোগ দিয়েছিলেন হতাহতরা। ওই সময় গুলি চালায় সশস্ত্র একটি গোষ্ঠী।

হতাহতের বিস্তারিত বিবরণ না জানিয়ে রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিস মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে জানায়, ওই ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।

উল্লেখযোগ্য সংখ্যক অটোমোটিভ ও অ্যারোনটিক্স কারখানার জন্য পরিচিত গুয়ানাজুয়াতো। সাম্প্রতিক বছরে প্রধান মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের কারণে দেশটির অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে অঞ্চলটি।