ইসরায়েলি বাহিনীর নির্মম সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় আরো ৭১ জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর নাদোলু এজেন্সি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজা মোট নিহত হয়েছেন ৪৪ হাজার ৫৬ জন এবং আহত হয়েছেন আরো১ লাখ ৪ হাজার ২৬৮ জন ফিলিস্তিনি। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি। কারণ যেসব মৃতদেহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি এবং গণনার মধ্যেও ধরা হয়নি।

এর আগে ২০২৩ সালে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৪২ জনকে জিম্মি করে। এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে দুর্বল ও অকার্যকর না করা এবং জিম্মিদের মুক্তি না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।