ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গেল ২৪ ঘণ্টায় ৪৮ জন নিহত এবং আরও ৫৩ জন আহত হয়েছেন । এ নিয়ে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৪৪ হাজার ৩৩০ জনে । আর আহত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯৩৩ জন। খবর আনাদোলু এজেন্সি।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, ২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।










