উত্তর কোরিয়া পীত সাগরের দিকে একাধিক ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে বলে দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। সম্প্রতি পিয়ংইয়ং মিসাইলগুলো নিক্ষেপ করে বলে জানা গেছে। খবর রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানান, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষ উৎক্ষেপণের বিষয়টি বিশদভাবে বিশ্লেষণ করছে। গত মাসের শেষ দিকে একটি ব্যর্থ গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণসহ সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া পরিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক মহড়া সিরিজের এটি সর্বশেষ ঘটনা। ফলে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো থেকে নতুন করে সমালোচনার শুরু হয়েছে। 

ক্ষমতাসীন পিপলস পার্টির এক মুখপাত্র বলেন, ‘‌এটি একটি শত্রুতামূলক কাজ, যা কোরীয় উপদ্বীপের শান্তির জন্য হুমকিস্বরূপ।’

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কেসিএনএ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে এ অঞ্চলে উত্তেজনা বাড়ানোর জন্য জাপানকে অভিযুক্ত করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেখানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা উল্লেখ করা হয়নি।

জাপানের ইয়োমিউরি পত্রিকা গত মাসে এক প্রতিবেদনে জানিয়েছে, জাপান ও যুক্তরাষ্ট্র শিগগিরই চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার তৈরি হাইপারসনিক ওয়ারহেড মোকাবেলায় যৌথভাবে একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরিতে সম্মত হবে বলে আশা করা হচ্ছে। এদিকে গত মাসে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার পাঁচ ব্যক্তি ও এক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সিউল।