ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ছাড়ার আলটিমেটাম দিয়েছে দেশটির জান্তা সরকার। গতকাল শুক্রবার (২৫ আগস্ট) নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর সিবিসি।

এভাবে কূটনীতিকদের বহিষ্কারাদেশে পশ্চিম আফ্রিকার দেশটির আন্তর্জাতিক সংকটকে আরো বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত মাসে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয় ও তিনি এখনো গৃহবন্দী রয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠক উপেক্ষা করায় রাষ্ট্রদূত সিলভাইন ইত্তেকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ত্যাগ করার চিঠি দেয় ক্ষমতাসীনরা।

বহিষ্কারের কারণ হিসেবে ‘নাইজারের স্বার্থের পরিপন্থী ফরাসি সরকারের পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করা হয়।

অভ্যুত্থানের আগে সাবেক উপনিবেশ নাইজারের সঙ্গে সশস্ত্র ইসলামপন্থীদের বিরুদ্ধে জোট বেধে কাজ করছিল ফ্রান্স।