ভারতের উত্তর লাদাখ সীমান্তে চীনা পিললস লিবারেশন আর্মি (পিএলএ) স্থায়ী বাঙ্কার এবং বড় সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু করেছে। ওই অঞ্চলে চীনের প্রতিরক্ষা জোরদার করতেই এ বাঙ্কারগুলো নির্মিত হচ্ছে বলে খবর প্রকাশ করেছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কয়েক মাস আগে ভারত দাবি করেছিল প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ তীর জুড়ে চীনা সেনাদের সেতু নির্মাণের ‘তৎপরতা’ দেখা গিয়েছিল উপগ্রহচিত্রে। এ বার এলএসির প্রায় ৭০ কিলোমিটার দূরে ঘাঁটি নির্মাণের ছবি সামনে এসেছে। এতে দেখা যায় লাদাখ সংলগ্ন ‘আকসাই চীনে’ চীনা পিললস লিবারেশন আর্মি স্থায়ী বাঙ্কার এবং বড় সুড়ঙ্গ তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, স্থায়ীভাবে সেনা মোতায়েনের উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
কয়েক দিন আগেই জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে। আবার আগামী সপ্তাহে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদির আমন্ত্রণে চীনা প্রেসিডেন্টের দিল্লিতে আসারও কথা রয়েছে।ফলে দুদেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকলেও সীমান্তে বা কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা রয়েই গেছে।










