প্রায় পাঁচ মাস বিদেশে কাটানোর পর নেপালে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। হংকং হয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
গত ২৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা জানিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে নেপাল ছাড়েন দেউবা। সে সময় তার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা ও ছেলে জয়বীর নয়াদিল্লি হয়ে সিঙ্গাপুরে যান। এরপর প্রায় পাঁচ মাস দেশের বাইরে ছিলেন তিনি।
দেউবার ব্যক্তিগত সচিব ভানু দেউবা জানিয়েছেন, দেশ ছাড়ার আগে যে বাসাটি ভাড়া নিয়েছিলেন, এখন সেখানেই থাকবেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে তার স্ত্রী আরজু রানা ও ছেলে জয়বীরের অবস্থান এখনো জানা যায়নি।
দেউবা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। তবে কোথায় চিকিৎসা নিয়েছেন কিংবা কী ধরনের স্বাস্থ্য সমস্যার জন্য চিকিৎসা করিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
৮০ বছর বয়সী শের বাহাদুর দেউবা নেপালের পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা। দেশে ফেরার পর তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।










