ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির লভিভ শহরের প্রধান প্রধান ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে জাতিসংঘ। উদ্ভূত পরিস্থিতিতে কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল ও কিয়েভ-পেচেরস্ক লাভরা নামের মঠ এলাকায় মধ্যযুগে নির্মিত ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর তরফে এ ঘোষণা দেয়া হয়েছে। খবর বিবিসি। 

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে মর্যাদা পাওয়া লভিভ শহরের ঐতিহাসিক কেন্দ্রটিকেও ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের এ সংস্থা বলছে, ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহণের ঘাটতি রয়েছে। 

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যসংক্রান্ত কমিটি বলছে, এসব স্থাপনা সরাসরি আক্রমণের ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে বোমা হামলার ফলে সৃষ্ট কম্পনের কারণেও ঝুঁকিতে রয়েছে। 

ঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকায় নাম সংযুক্তির মাধ্যমে জাতিসংঘের অন্য সদস্য দেশগুলোকে তাদের দায়িত্ব ও কর্তব্যের কথা মনে করিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে স্থাপনাগুলোর সুরক্ষায় পরবর্তী আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার দরজা খোলা রাখার তাগিদ দেয়া হয়েছে। 

এদিকে রুশ কর্তৃপক্ষ জাতিসংঘকে আশ্বস্ত করে জানিয়েছে, ঐতিহাসিক কোনো স্থাপনা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে তাদের সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করেছে। যদিও ইউক্রেনীয় কর্তৃপক্ষ রাশিয়ার এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে। 

এর আগে রাশিয়া পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করলে গত জানুয়ারিতে ইউক্রেনের বন্দরনগরী ওডেসাকে ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করা হয়। কিয়েভের সঙ্গে মস্কোর শস্যচুক্তি শেষ হয়ে যাওয়ার পর সম্প্রতি ওডেসায় বোমা হামলা জোরদার করেছে রুশ বাহিনী। 

ইউক্রেনে বোমা হামলার ঘটনায় এর আগেও একাধিকবার রাশিয়ার সমালোচনা করেছে ইউনেস্কো। সর্বশেষ গত জুলাইয়ে লভিভের ঐতিহাসিক প্রাচীন শহরের অদূরে একটি ভবনে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় সংস্থাটি।