কার্যকর রয়েছে তেহরানের ড্রোন সক্ষমতাও। তাদের অস্ত্রাগারে এখনো হাজার হাজার আত্মঘাতী ড্রোন মজুদ আছে। যুদ্ধের এক মাস পরও ইরান পুরো অঞ্চলজুড়ে আঘাত হানার সক্ষমতা রাখে। এমন তথ্য উঠে এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে। তিনটি মার্কিন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। এদিকে গতকাল ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তেহরানের দাবি এটি যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান। যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান বিধ্বস্তের কথা স্বীকার করলেও সেটি এফ-৩৫ কিনা সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি। একই সঙ্গে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিমানের পাইলটকে খুঁজতে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ইরানে ১২ হাজার ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এসব হামলায় ইরানের সামরিক শক্তি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন সূত্রের বরাতে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ অক্ষত আছে। যুক্তরাষ্ট্র উপকূলে খুব একটা বিমান হামলা না চালানোয় এগুলো রক্ষা পেয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। গোয়েন্দা তথ্য আরো বলছে, লঞ্চার ছাড়াও ইরানের কাছে এখনো বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। তবে পেন্টাগন কতগুলো অস্ত্র ধ্বংস হয়েছে, তার চেয়ে কী পরিমাণ হামলা কমেছে—সেদিকেই বেশি নজর দিচ্ছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল অবশ্য সিএনএনের এ প্রতিবেদনকে ‘পুরো ভুল’ বলে দাবি করেছেন। পার্নেল বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানি শাসন ব্যবস্থার ওপর চরম আঘাত হেনেছে। আমাদের লক্ষ্যগুলো সময়ের আগেই অর্জিত হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও নৌবাহিনী ধ্বংস করা এবং তাদের প্রক্সি বাহিনীকে নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য।’
তবে সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে যোগাযোগ রাখা দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, মাটির নিচে লুকিয়ে রাখার সক্ষমতার কারণেই মূলত ইরানের লঞ্চারগুলো পুরোপুরি অকেজো করা যাচ্ছে না। কয়েক দশক ধরে এমন যুদ্ধের প্রস্তুতি হিসেবে সুড়ঙ্গ ও গুহার বিশাল নেটওয়ার্কের ভেতর লঞ্চারগুলো লুকিয়ে রেখেছে ইরান। এ কারণে সেগুলোকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এদিকে গত পাঁচ সপ্তাহ ধরে চলা হামলায় ইরানের ইস্পাত উৎপাদন সক্ষমতার প্রায় ৭০ শতাংশ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু একে একটি বিরাট সাফল্য হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তাদের আর্থিক ও সামরিক সংস্থান থেকে বঞ্চিত হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালি উন্মুক্ত করতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আরো কিছুটা সময় পেলে আমরা খুব সহজেই হরমুজ প্রণালি উন্মুক্ত করতে পারি। তেল (ইরানের) দখল করে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারি। এটি কি বিশ্বের জন্য একটি তেলের খনি হবে না?
অন্যদিকে গতকাল কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো আক্রান্ত হয়েছে মিনা আল-আহমাদি তেল পরিশোধনাগার বন্দর। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ জ্বালানি তেল পরিশোধনাগার এবং কুয়েতের অভ্যন্তরীণ জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিক দিক থেকে কুয়েত ইরানের সবচেয়ে কাছের দেশগুলোর একটি। কুয়েত ও ইরানের উপকূলের মধ্যে দূরত্ব ৮০ কিলোমিটার। ফলে ইরানের জন্য এটি তুলনামূলক সহজ লক্ষ্যবস্তু। এছাড়া কুয়েতের সঙ্গে ইরাকের সীমান্ত রয়েছে। অঞ্চলটিতে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীরাও বেশ শক্তিশালী।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনে সাইরেন বেজে ওঠার খবর পাওয়া গেছে। সৌদি আরব জানিয়েছে, তারা ছয়টি ড্রোন ভূপাতিত করেছে। আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, প্রতিরোধ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে হাবশান গ্যাস স্থাপনায় আগুন লেগেছে। এটি আমিরাতের একটি বড় গ্যাস প্রক্রিয়াকরণ কমপ্লেক্স। আগুন নিয়ন্ত্রণে কাজ চলায় সেখানে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এক এক্স পোস্টে বলা হয়েছে, আগুনের ঘটনায় কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে, তাই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিপরীতে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। রাজধানী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলার পর এবার দেশটির ইস্পাহান শহরের একটি বিশ্ববিদ্যালয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস এ খবর জানিয়েছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইস্পাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে গত শনিবার দুপুরের দিকে ‘ভয়াবহ’ বিমান হামলা চালানো হয়। তবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর জানানো হয়নি।
এদিকে হরমুজ প্রণালি ও এর আশপাশে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাহরাইনের একটি প্রস্তাবে ভোট হতে যাচ্ছে। তবে ভেটো ক্ষমতাসম্পন্ন দেশ চীন এর বিরোধিতা জানিয়েছে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের বৈঠক ও ভোট শুক্রবারের পরিবর্তে শনিবার সকালে অনুষ্ঠিত হবে। শুক্রবার জাতিসংঘের ছুটির দিন হওয়ায় এ পরিবর্তন আনা হয়েছে। নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি বাহরাইন একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে। সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষায় ‘প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণের অনুমোদন দেয়ার কথা বলা হয়েছে।
ইরান তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের হুমকির মুখে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে নজিরবিহীনভাবে শক্তিশালী করছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় দেশটি এ পদক্ষেপ নিয়েছে। দেশটি তাদের সমুদ্রসীমায় মাইন স্থাপন এবং উপকূলীয় এলাকায় ফাঁদ তৈরির মতো কঠোর ব্যবস্থা নিচ্ছে। খার্গ দ্বীপের প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এমনকি আইআরজিসি এবার ১২ বছর বয়সী শিশুদেরও স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দিচ্ছে। ‘জানফাদা’ বা ‘উৎসর্গ’ নামক এক অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে যুদ্ধে যোগ দেয়ার আহ্বান জানানো হচ্ছে।









