ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবাননজুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ২৪ ফিলিস্তিনি। আর লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরো ২১ জন। খবর আনাদোলু এজেন্সি।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৪ জন নিহত এবং আরো ১১২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে। তাতে আরো ২১ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ১৪ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ এলাকায় সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি হামলায় ৬ জন নিহত হয়েছেন। যার মধ্যে চার লেবানিজ প্যারামেডিকও রয়েছেন। এছাড়া বালবেক শহরের দক্ষিণ-পশ্চিমে সিভিল ডিফেন্স সেন্টারে হওয়া দ্বিতীয় হামলায় আরো ১২ জন উদ্ধারকর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।










