সামরিক অভিযানের উপযোগী মার্কিন হাল প্রযুক্তির অস্ত্র নিয়ে একটি উড়োজাহাজ দক্ষিণ ইসরায়েলের নেভাটিম এয়ারবেসে অবতরণ করেছে। গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এ চালান পৌঁছায় বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। খবর এপি।

এক বিবৃতিতে বলা হয়, এ চ্যালেঞ্জিং সময়ে আইডিএফ ও ইসরায়েল রাষ্ট্রের প্রতি মার্কিন সমর্থন ও সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। শত্রুরা জানে যে আমাদের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা আগের চেয়ে আরো শক্তিশালী। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে এ সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ অংশ।

গত ৭ অক্টোবর ভোরে অতর্কিত হাজার হাজার রকেট ছুড়তে থাকে হামাসের যোদ্ধা। একইসঙ্গে গাজা থেকে ঢুকে পড়ে ইসরায়েলের অভ্যন্তরে। ওই সময় হামলার পাশাপাশি প্রায় ১৫০ ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে আসে তারা। এরপর ইসরায়েল সর্বাত্মক ঘোষণা করলে তাদের পক্ষে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। ভূমধ্যসাগরে মোতায়েন করে মার্কিন রণরতী ইসরায়েলের উপকূলের দিকে রওনা করে এদিন।

আজ বুধবার (১১ অক্টোবর) ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান জানায়, হামাসের হামলার ফলে কমপক্ষে এক হাজার ২০০ জন মারা গেছে।

এর আগে গতকাল ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে যে কমপক্ষে এক হাজার জন মারা গেছে।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯০০ জন ফিলিস্তিনি নিহত ও চার হাজার মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪০ জন শিশু এবং ১২০ জন নারী রয়েছেন।