সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সন্দেহভাজন এ হামলাকারী একজন ‘সম্ভাব্য হত্যাকারী’। সিক্রেট সার্ভিসের কয়েকজন সাহসী সদস্য তাকে আটক করেছেন। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেন। খবর আল জাজিরা।
ট্রাম্প বলেন, ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। আমি জানি না, এ হামলার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না। তবে এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, আমি মনে করি না, এর পেছনে কোনো যোগসূত্র আছে।
অবশ্য এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কিছুটা সংশয় প্রকাশ করে বলেছিলেন, হামলার পেছনে ইরান যুদ্ধের সংশ্লিষ্টতা আছে কি না, তা বলা মুশকিল।
হামলাকারীকে একজন লোন উলফ বা নিঃসঙ্গ হামলাকারী হিসেবে বর্ণনা করে ট্রাম্প জানান, তদন্তকারীরা হামলার প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন।
এর আগে একইদিন ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ছিলেন। এ ঘটনার পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় ট্রাম্প জানান, তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা নিরাপদ আছেন। তিনি লেখেন, ‘ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সব সদস্য সম্পূর্ণ নিরাপদে আছেন। আমরা অল্প সময়ের মধ্যেই হোয়াইট হাউজ থেকে কথা বলব।’ দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসাও করেন তিনি।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, গুলির ঘটনা ঘটেছে অনুষ্ঠানস্থলের একটি ‘স্ক্রিনিং এরিয়া’য় (তল্লাশির এলাকা)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি যখন ওয়াশিংটন হিল্টনের চেকপয়েন্ট দিয়ে দৌড়ে পার হওয়ার চেষ্টা করছিল, তখন তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল।
তিনি বলেন, আমরা নিশ্চিত যে আইন প্রয়োগকারী সংস্থার সাথে ওই ব্যক্তির গুলি বিনিময় হয়েছে। আমরা আরো জানতে পেরেছি, সিক্রেট সার্ভিসের ইউনিফর্মড ডিভিশনের একজন কর্মকর্তার ভেস্টে গুলি লেগেছে। তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তিনি মানসিকভাবে বেশ ভালো অবস্থায় আছেন বলে মনে হচ্ছে।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনার পর উপস্থিত অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন এবং সবাইকে নিচু হয়ে থাকার নির্দেশ দেওয়া হয়। পরে সশস্ত্র নিরাপত্তাকর্মীরা এলাকা ঘিরে ফেলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা গেছে। ঘটনার পর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে এটি ফের আয়োজনের কথা জানিয়েছেন ট্রাম্প।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে।










