দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায়
যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার ৭৮তম বার্ষিকী পালন করছে জাপান। আজ রোববার
(৬ আগস্ট) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহরটির মেয়র পারমাণবিক অস্ত্র বিলুপ্তির আহ্বান
জানান। এর সঙ্গে ধনী দেশগুলো জোট জি৭ এর পারমাণবিক প্রতিরোধের ধারণাকে ‘মূর্খতা’ বলে অভিহিত করেছেন।
খবর রয়টার্স।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র
ব্যবহারের হুমকি দেখিয়ে যাচ্ছে রাশিয়া, এমনই এক সময়ে বিশ্বের প্রথম পারমাণবিক হামলার
শিকারদের স্মরণ করা হচ্ছে।
সম্প্রতি পারমাণবিক বোমা নির্মাতার বায়োপিক
‘ওপেনহেইমার’ মুক্তি
পেয়েছে। হলিউডের এ সিনেমায় পারমাণবিক বোমা তৈরির ঘটনাবলি বর্ণিত হয়েছে, যা এরই
মধ্যে বক্স অফিসের মর্যাদা পেয়েছে। তবে হিরোশিমা ও নাগাসাকির ব্যাপক প্রাণহানি ও
ধ্বংসযজ্ঞকে উপেক্ষার জন্য সিনেমাটির বিরুদ্ধে সমালোচনা এসেছে।
‘ওপেনহাইমার’ জাপানে এখনো
মুক্তি না পেলেও একইদিন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে আরেক হলিউড সিনেমা ‘বারবি’। এ সিনেমার জাপানি
পরিবেশক ‘বারবেনহেইমার’ মিমের সঙ্গে
যুক্ত হলে বিতর্ক ছড়িয়ে পড়ে দেশটিতে।
গত মে মাসে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা
নিজ নির্বাচনী এলাকা এ পশ্চিমাঞ্চলীয় শহরে জি৭ শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিলেন।
যেখানে নেতারা নিরস্ত্রীকরণ অর্জনে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে একটি বিবৃতি জারি
করেন।
বোমা ফেলার সময়টি স্মরণ করে আজ সকাল
সোয়া ৮টায় হিরোশিমায় শান্তির ঘণ্টা বেজে ওঠে। এক স্মারক অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার
মানুষ অংশ নেন। এর মধ্যে যুদ্ধে বেঁচে যাওয়া প্রবীণরাও ছিলেন। গ্রীষ্মের ৩০ ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রার মাঝে নীরবতা পালন করেন তারা।
এই সময় হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই
বলেন, বিশ্ব নেতাদের অবশ্যই বাস্তবতার মুখোমুখি হতে হবে। পারমাণবিক হুমকি এখন কিছু
নীতিনির্ধারকের মুখেই উচ্চারিত হচ্ছে, যা প্রতিরোধ তত্ত্বের মূর্খতা প্রকাশ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
প্রধানমন্ত্রী কিশিদা। তিনি রাশিয়ার পারমাণবিক হুমকির বিষয়ে সতর্ক করে দেন।
পারমাণবিক অস্ত্র নিয়ে বৈশ্বিক প্রতিরোধকে সঠিকপথে ফিরিয়ে আনার কথাও বলেন তিনি। জাতিসংঘের
মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে পাঠানো বার্তায় তাকে সমর্থন জানানো হয়।
১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমাতে ফেলা ‘লিটল বয়’ নামের
বোমাটি তাৎক্ষণিকভাবে হাজার হাজার ও বছরের শেষ নাগাদ প্রায় এক লাখ ৪০ হাজার
মানুষের মৃত্যুর জন্য দায়ী। এর তিনদিন পর নাগাসাকি বোমা ফেলা হয়। পারমাণবিক
আক্রমণের দুই সপ্তাহের মাঝে ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করে।










