ভারতে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়ে এসেছে উল্লেখ করে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়েছে ১৮টি সাংবাদিক সংগঠন। গতকাল বুধবার অনলাইন পোর্টাল নিউজিক্লিকের এডিটর ইন চিফ প্রবীর পুরকায়স্থসহ আরো একজন কর্মকর্তাকে গ্রেফতার ও গণমাধ্যমটির অফিস বন্ধ করে দেয়ার পর আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) উদ্বেগ প্রকাশ করলেন সাংবাদিকরা। ওইদিন সংবাদমাধ্যমটির কয়েকজন সাংবাদিকের বাসায় তল্লাশিও করে পুলিশ। এ সময় তাদের মোবাইল ফোন ও কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়। খবর স্ক্রল ডট ইন।
চিঠিতে সাংবাদিক সংগঠনগুলো উল্লেখ করেছে, সাংবাদিকদের তথ্যের স্বাধীনতা নিশ্চিত না করে উল্টো তাদের মোবাইল ফোন ও কম্পিউটার বাজেয়াপ্ত করা প্রটোকলের লঙ্ঘন।
তবে ওই সাংবাদিকদের গ্রেফতার ও তল্লাশির প্রসঙ্গে পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ‘সংবাদমাধ্যমটি চীনা অর্থ নিয়ে তাদের পক্ষে প্রোপাগান্ডা চালায়।’
সাংবাদিক সংগঠনগুলোর পাঠানো চিঠিতে বলা হয়, দেশের সাংবাদিকদের একাংশ এখন হুমকি ও হুঁশিয়ারির মুখে কাজ করছেন। তাই বিচার ব্যবস্থারই দায়িত্ব ক্ষমতাসীনদের কাছে এ বিষয়ে কৈফিয়ত চাওয়া। কারণ দেশের সংবিধানের কাছে সবাই দায়বদ্ধ।
প্রেস সংগঠনগুলোর চিঠিতে আরো বলা হয়, দেশী ও আন্তর্জাতিক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রতিবেদন সরকারের পছন্দ না হলে তাদের কোনো মামলায় জড়িয়ে দেয়া মূলত সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা। এই প্রতিশোধ স্পৃহা স্বাধীনতার বিরুদ্ধেই আঘাত।
প্রধান বিচারপতিকে চিঠিটি পাঠিয়েছে ডিজিপাব নিউজ ইন্ডিয়া ফাউন্ডেশন, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, ফাউন্ডেশন ফর মিডিয়া প্রফেশনালস, ইন্ডিয়ান উইমেনস প্রেস কর্পস, নেটওয়ার্ক অফ উইমেন ইন মিডিয়া, ফ্রি স্পিচ কালেকটিভ, চণ্ডীগড় প্রেস ক্লাব, ন্যাশনাল অ্যালায়েন্স অফ জার্নালিস্ট, দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্ট, কেরালা ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্ট, বৃহন্মুম্বাই ইউনিয়ন অফ জার্নালিস্ট, মুম্বাই প্রেস ক্লাব, অরুণাচল প্রদেশ ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্ট, প্রেস অ্যাসোসিয়েশন, গৌহাটি প্রেস ক্লাব, ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন, কলকাতা প্রেস ক্লাব এবং ওয়ার্কিং নিউজ ক্যামেরাম্যানস অ্যাসোসিয়েশন।










