নতুন এক পরিসংখ্যান অনুসারে,
গত বছর অন্তত ১৭৭ জন পরিবেশকর্মী নিহত হয়েছেন। যাদের এক পঞ্চমাংশ অ্যামাজনের রেইনফরেস্ট
রক্ষার সঙ্গে জড়িত। খবর দ্য গার্ডিয়ান।
পরিসংখ্যানটি প্রকাশ করেছে গ্লোবাল
উইটনেস শো নামের এনজিও। সেখানে বলা হয়, এসব ঘটনার পেছনে রয়েছে সংগঠিত অপরাধ গোষ্ঠী
ও ভূমি দখলকারীরা। ২০২২ সালে গড়ে প্রতি দুইদিনে একজন পরিবেশকর্মী নিহত হয়েছেন। সবচেয়ে
বেশি হত্যার ঘটনা ঘটেছে কলম্বিয়ায়, দেশটিতে ৬০ জন নিহতের ঘটনা রেকর্ড করা হয়েছে।
বিশ্বের জনসংখ্যার মাত্র ৫ শতাংশ
হওয়া সত্ত্বেও আদিবাসী সম্প্রদায়ের ক্ষেত্রে এ ধরনের হত্যার হার ৩৪ শতাংশ।
পরিসংখ্যান অনুসারে, ২০১২ থেকে
২০২২ সাল অর্থাৎ এক দশকে অন্তত এক হাজার ৯১০ পরিবেশকর্মীকে হত্যা করা হয়েছে। বেশিরভাগ
ক্ষেত্রে এসব অপরাধে কারো শাস্তি হয়নি।
কলম্বিয়ার পরই রয়েছে ব্রাজিল,
মেক্সিকো, হন্ডুরাস ও ফিলিপাইন। ব্রাজিলিয়ান কর্মী ব্রুনো পেরেইরা ও সাংবাদিক ডম ফিলিপসসহ
সব প্রাণঘাতী হামলার প্রায় ৪৪ শতাংশ ল্যাটিন আমেরিকায় ঘটেছে।
২০২১ সালে এ ধরনের ২০০টি মৃত্যুর
ঘটনা নথিবদ্ধ করা হয়। পরের বছরের সংখ্যা কমলেও গ্লোবাল উইটনেস মনে করে, অনাকাঙ্ক্ষিত
মৃত্যু হিসেবে ১৭৭ও অনেক বেশি। তারা পরিবেশ কর্মীদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থার
আহ্বান জানান।










