ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে অঞ্চলটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে ইরান লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। খবর আল জাজিরা।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের কাতার শাখার অধ্যাপক মেহরান কামরাভা এক সাক্ষাৎকারে বলেন, এই অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে ৪০,০০০–এর বেশি মার্কিন সেনা অবস্থান করছে। এর আগে এক ইরানি সেনা কর্মকর্তা একবার মন্তব্য করেছিলেন, ‘এর মানে, আমাদের সামনে ৪০,০০০টি টার্গেট রয়েছে।’
তিনি বলেন, এই পরিস্থিতিতে ইরান কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সেটি এখনো অনিশ্চিত। তবে ২০২০ সালে জেনারেল কাসেম সোলাইমানি হত্যার পর যেভাবে ইরান সীমিত পাল্টা হামলা করেছিল, এবারও কি তেমন কিছু হবে, সেটি সময়ই বলবে।
কামরাভা বলেন, রাজনৈতিকভাবে ইরানের পক্ষে চুপচাপ বসে থাকা সম্ভব নয়। তারা চুপচাপ বসে থাকবে ট্রাম্প তা চাইলেও, ইরান কোনো প্রতিক্রিয়া দেখাবে না-এটা বাস্তবসম্মত নয়।










