উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে স্কুলশিক্ষার্থীদের বহনকারী বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী কাম্পালার কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীরা কাপচোরওয়া জেলার সিপি ফলস এলাকায় শিক্ষা সফর শেষে ফিরছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে পুলিশ জানায়, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

বিবৃতিতে আরো বলা হয়, দুর্ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও ২০ জন শিক্ষার্থী মারা গেছে। এছাড়া তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং আরো কয়েকজন কিশোর-কিশোরী আহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটির একটি ছবি প্রকাশ করে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আহত শিশু ও প্রাপ্তবয়স্কদের কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উগান্ডায় প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর পাওয়া যায়। গত বছরের অক্টোবরে দেশটির এক প্রধান মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৬ জন মারা যান। এর আগে, ২০২৪ সালের এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই বছর উগান্ডায় চার হাজার ৪৩৪টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছিল।