কানাডায় দুর্ঘটনাবশত একটি ট্রাক থেকে ৫০ লাখ মৌমাছি ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার (৩০ আগস্ট) টরন্টোর পশ্চিমের সড়কে ঘটা এ ঘটনায় চালকদের জানালা বন্ধ রাখার পরামর্শ দেয় স্থানীয় ‍পুলিশ। খবর এপি।

হ্যাল্টন আঞ্চলিক পুলিশ জানিয়েছে, সকাল সোয়া ৬টার দিকে তারা একটি ফোনকল পান। যেখানে বলা হয়, একটি ট্রাক থেকে মৌমাছি রাখার ক্রেট খুলে গেছে। এরপর পতঙ্গগুলো অন্টারিওর বার্লিংটনের একটি সড়কে ছড়িয়ে পড়ে।

এটি ‘দেখার মতো দৃশ্য ছিল’ বলে উল্লেখ করেন পুলিশ কনস্টেবল রায়ান অ্যান্ডারসন।

তিনি বলেন, ক্রেটগুলো রাস্তায় পড়েছিল, আর মৌমাছির ঝাঁক চারপাশে উড়ছিল। সেখানে দায়িত্বে থাকা ব্যক্তিকে কয়েকবার দংশনও করে মৌমাছি।

এমন ঘটনায় চালকদের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির জানালা বন্ধ রাখতে ও পথচারীদের এলাকাটি এড়িয়ে চলতে সতর্ক করে পুলিশ।

অ্যান্ডারসন জানান, সোশ্যাল মিডিয়ায় নোটিশ দেয়ার প্রায় এক ঘন্টা পরে বেশ কয়েকজন মৌমাছি পালনকারীরা সাহায্যের প্রস্তাব নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তাদের কয়েকজন পরে ঘটনাস্থলে যান।

এদিন সকাল সোয়া ৯টার দিকে পুলিশ জানায়, ৫০ লাখ মৌমাছির বেশিরভাগকে নিরাপদে সংগ্রহ করা হয়েছে। রাস্তা থেকে ক্রেটগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। তবে সংগ্রহ করা যায়নি এমন মৌমাছির জন্য কিছু ক্রেট সেখানে রেখে দেয়া হয়েছে। যাতে প্রত্যঙ্গগুলো আবার আবাসস্থলে ফিরে আসতে পারে।

কানাডিয়ান হানি কাউন্সিলের মতে, গ্রীষ্মকালে একটি কলোনিতে ৫০ থেকে ৮০ হাজারের মতো মৌমাছি থাকে।