ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন
হামাসের হামলার পর ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে একটি বিমানবাহী
রণতরী পূর্ব ভূমধ্যসাগরের পথে রয়েছে। রয়েছে যুদ্ধজাহাজ ও জেট। এছাড়া অতিরিক্ত যুদ্ধ
সরঞ্জাম ও গোলাোরুদ সরবরাহের কথাও দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসি।
গতকাল রোববার (৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের
প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে এ সহায়তার ঘোষণা দেন। তিনি বলেন, ইউএসএস
জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী, একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার ও চারটি ক্ষেপণাস্ত্র
ডেস্ট্রয়ার ওই অঞ্চলে যাচ্ছে। মার্কিন যুদ্ধবিমানও পাঠানো হবে।
লয়েড অস্টিন বলেন, এ সহায়তা ইসরায়েলি বাহিনী
ও নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অটুট সমর্থনকেই তুলে ধরেছে।
হামাসের হামলার পর থেকেই ইসরায়েলের পাশে
দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের
এই হামলাকে ‘ভয়ঙ্কর আক্রমণ’ বলে অভিহিত করেছেন।
অন্যদিকে হামাসের হামলায় নিহত ও বন্দীদের
মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছে কিনা তা যাচাইয়ের কাজও করছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন
দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
গত ৭ অক্টোবর সকালে গাজা উপত্যকা থেকে
ইসরায়েলে কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে সশস্ত্র হামলা
চালান হামাসের সদস্যরা। হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ৭০০ ও ফিলিস্তিনের ৪০০
জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।










