ভারতের সিকিমে বন্যায় নিহত বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া কমপক্ষে ১০৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। দেশটির সেনাবাহিনী ও দুর্যোগকর্মীরা নিখোঁজদের উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছেন। খবর হিন্দুস্তান টাইমস।

এদিকে গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকার এক বিবৃতিতে জানায়, তিস্তায় ভেসে আসা ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চার সেনা ও দুই বেসামরিক নাগরিককে শনাক্ত করা হয়েছে।

তবে ওই সেনারা নিখোঁজ ২২ জন সৈন্যের মধ্যে ছিল নাকি তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

এছাড়া আহত ২৬ জন সিকিমের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ৪ অক্টোবর ভোর রাতে উত্তর সিকিমের লোনাক হ্রদে ভারী বৃষ্টিপাতের ফলে ২২ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশীসহ প্রায় তিন হাজার প্রায় পর্যটক সিকিমের বিভিন্ন অংশে আটকা পড়েছেন। রাজ্যটিকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযোগকারী মূল সড়কটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারী তথ্য অনুসারে, এখন পর্যন্ত দুই হাজার ১১ জনকে উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের রাজ্যের ২৬টি ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে।