মাত্র দুদিনে ইতালির লাম্পেদুসা দ্বীপে অনুপ্রবেশ করেছে প্রায় সাত হাজার অভিবাসনপ্রত্যাশী। তাদের উপচেপড়া ভিড় অঞ্চলটিতে সংকটজনক পরিস্থিতি তৈরি করেছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র ফিলিপ্পো। প্রায় একই রকম সতর্কবার্তা উচ্চারণ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। খবর সিএনএন।
মেয়র ফিলিপ্পো স্থানীয় গণমাধ্যমকে জানান, ল্যাম্পেডুসা দ্বীপের জনসংখ্যা বর্তমানে ছয় হাজারের কিছু বেশি। গত দুদিনে সেখানে প্রায় সাত হাজার শরণার্থী প্রবেশ করেছে। বিপুলসংখ্যক অভিবাসনপ্রত্যাশীর চাপ দ্বীপে সংকটজনক পরিবেশ তৈরি করেছে। চাইলেও এ সংকট এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
ইউএনএইচসিআরের ইতালি প্রতিনিধি চিয়ারা কার্ডোলেটি বলেন, ‘লাম্পেদুসার পরিস্থিতি সংকটজনক। দ্বীপ থেকে লোকজনকে সরিয়ে নেয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ২৮ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার মানুষকে স্থানান্তর করা হয়েছে।’
দীর্ঘদিন ধরে উত্তর আফ্রিকা থেকে আসা অভিবাসনপ্রত্যাশীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ভূমধ্যসাগরের এ দ্বীপ। প্রথমে এখানে পাড়ি জমিয়ে তারপর সেখান থেকে ইউরোপের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন তারা।
সম্প্রতি আফ্রিকার কিছু দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার ফলে ইউরোপে শরণার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে।










