ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের সম্ভাব্য হত্যাচেষ্টার হুমকির মুখে পরবর্তী উত্তরসূরি মনোনয়ন করেছেন। রাজধানীর উপকণ্ঠের একটি বাংকার থেকে উত্তরসূরি হিসেবে তিন আলেমকে মনোনয়ন দিয়েছেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
সংবাদমাধ্যমটি ইরানের সরকারের তিনজন ঘনিষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বাংকারে থেকেই খামেনি সম্প্রতি যেসব জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের ইসরায়েল হত্যা করেছে, তাদের স্থলাভিষিক্ত নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছেন।
তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো— এ তিনজন সম্ভাব্য উত্তরসূরির তালিকায় খামেনির ছেলে মুজতবা খামেনি নেই। পূর্ববর্তী অনেক আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছিল, খামেনি তার ছেলেকেই উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন। তবে এবার ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, মুজতবা বাদ পড়েছেন।
উত্তরসূরির দৌড়ে আছেন মূলত তিনজন সিনিয়র আলেম— যাদের নাম প্রকাশ করা হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, এতে আলিরেজা আরাফি, হাশেম হোসেইনি বুশেহরি ও আরো একজন উচ্চ মর্যাদাসম্পন্ন ধর্মীয় নেতার নাম রয়েছে।










