কানাডার আলবার্টার সড়কে গাড়ি চালানোর গতিসীমা অতিক্রম করায় শাস্তির মুখে পড়েছেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তার বিরুদ্ধে ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে গাড়ি চালানোর অভিযোগে তাকে দুশো ডলার জরিমানা করা হয়েছে। তার মুখপাত্র ক্যাথরিন কাপ্লিনস্কাস এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

গণমাধ্যমটি  জানায়, কানাডার আলবার্টায় সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘণ্টায় ১১০ কি.মি.। কিন্তু ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ঘণ্টায় ১৩২ কি.মি. গতিতে গাড়ি চালিয়েছেন। এ জন্য অর্থমন্ত্রীকে তার নিজ প্রদেশ আলবার্টাতে ২৭৩ কানাডিয়ান ডলার (২০০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। জরিমানা পুরো টাকা মন্ত্রী পরিশোধ করেছেন বলে জানান তার মুখপাত্র ক্যাথরিন কাপ্লিনস্কাস। 

রয়টার্স আরো জানায়, মন্ত্রীর অবশ্য নিজের কোনো গাড়ি নেই। তিনি কানাডার বৃহত্তম শহর টরন্টোর একটি সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করেন এবং প্রায়শই তাকে তার বাইকের সঙ্গে তোলা ছবিতে দেখা যায়।