জীবাশ্ম জ্বালানি শিল্পে সরকারি ভর্তুকি বন্ধের দাবিতে নেদারল্যান্ডসের একটি মহাসড়কে বিক্ষোভ করেছেন পরিবেশকর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে এবং আড়াই হাজারের বেশি কর্মীকে গ্রেফতার করে। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ১০ হাজারেরও বেশি মানুষ হেগের এ-১২ হাইওয়ে ধরে মিছিল করছে। এর আগে কর্তৃপক্ষ রাস্তাটি ব্লক না করার জন্য সর্তকবার্তাও দেয়। কিন্তু বিক্ষোভকারীরা সে নিষেধাজ্ঞা মানেনি।
দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, তারা নাবালকসহ আড়াই হাজারের কাছাকাছি বিক্ষোভকারীকে আটক করেছে। তবে এখনো আঘাতের কোনো খবর পাওয়া যায়নি। বিক্ষোভে অংশ নেয়া দলগুলো জানায়, নেদারল্যান্ডস সরকার তেল ও গ্যাস শিল্পে ভর্তুকি দেয়ার জন্য সরকারি তহবিল ব্যবহার বন্ধ না করা পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে।
বিক্ষোভে শিশু ও বয়স্করাও অন্তর্ভুক্ত ছিল। তারা স্লোগান দিচ্ছিল, ‘সমুদ্র বাড়ছে এবং আমরাও আছি।’ তেল, কয়লা ও গ্যাস ব্যবহার করে এমন শিল্পগুলোর জন্য সরকারি ভর্তুকির প্রতিবাদে ডাচ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। এক্সটিঙ্কশন রেবেলিয়ন ও গ্রিনপিসের মতো দলসহ নেদারল্যান্ডসের কয়েক হাজার পরিবেশকর্মী এ অবরোধে অংশ নেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, বিলিয়ন ইউরো ভর্তুকি বন্ধের দাবি জানান তারা।
পদক্ষেপটি ডাচ সংসদকে লক্ষ্য করে এক্সটিঙ্কশন রেবেলিয়নের নেতৃত্বে ধারাবাহিক প্রতিবাদের অংশ। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ডাচ সরকার জীবাশ্ম জ্বালানি শিল্পের জন্য ভর্তুকি হিসেবে প্রতি বছর প্রায় ৩ হাজার ৭৫০ কোটি ইউরো ব্যয় করে। বিশেষত শক্তিশালী শিপিং সেক্টরে এ ব্যয় বেশি হয়। আইনপ্রণেতাদের আগামী ২২ নভেম্বরের সাধারণ নির্বাচনের আগেই ভর্তুকি বন্ধের কাজ শুরুর আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে।










