ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবাননজুড়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। অন্যদিকে লেবাননজুড়ে নিহত হয়েছেন আরও ৫৩ জন। খবর আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে। এর মধ্যে গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলেই নিহত হয়েছেন কমপক্ষে ৪২ জন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৪৬৯ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ২ হাজার ৫৬১ ফিলিস্তিনি।
অন্যদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে ৫৩ জন নিহত এবং আরও ১৬১ জন আহত হয়েছেন।










