আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে প্রতিরক্ষা ব্যয় প্রায় ৭০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে রাশিয়া। মিত্র শক্তি পশ্চিমাদের সাহায্যে ইউক্রেনের ‘হাইব্রিড যুদ্ধ’ মোকাবিলায় এমন সিদ্ধান্ত নিয়েছে মস্কো। গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

শীতে পাল্টা আক্রমণের উদ্দেশে মিত্রদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ শুরু করেছে ইউক্রেন। অন্যদিকে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করতে রাশিয়ার প্রস্তুতির কমতি নেই। বিশ্লেকরা মনে করছেন সব মিলিয়ে মস্কো-কিয়েভের সংঘাত আরো দীর্ঘস্থায়ী হবে।

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ এবং ব্রিটেন ও ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রীদের কিয়েভ পরিদর্শনের সময়ই রাশিয়া এমন ঘোষণা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে শীতে ইউক্রেনের জনগণের জীবন রক্ষায় ন্যাটোর প্রতি একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বছরের রুশ অভিযানে লক্ষাধিক ইউক্রেনীয় পানি ও জ্বালানি সংকটে পড়েছিল বলে জানান ন্যাটো প্রধান স্টলটেনবার্গ।

নবনিযুক্ত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরোভ ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসের সঙ্গে এক বৈঠকে বলেছেন, আসন্ন শীত মোকাবিলায় আমরা প্রস্তুত।

রাশিয়াকে পরাস্ত করতে কী করা প্রয়োজন এ বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে জেলেনস্কির কথা হয়েছে বলেও রুস্তেম জানান।

ইউক্রেন দখল হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যায়। সাম্প্রতিক সফরে জেলেনস্কি যুক্তরাষ্ট্র থেকে তেমন কিছু প্রতিশ্রুতি পেয়েছেন।