বৈরী আবহাওয়ার কারণে এ নিয়ে তৃতীয়বার চাঁদে অভিযান স্থগিত করতে বাধ্য হয়েছে জাপান। আজ সোমবার (২৮ আগস্ট) পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে উড়ার কথা ছিল নভোযানের।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, বৈরী আবহাওয়ার কারণে জাপান শেষ মুহূর্তে চন্দ্রযানটি উড্ডয়ন স্থগিত করে।

এ অভিযানে ব্যবহৃত হচ্ছে জাপানের মহাকাশ সংস্থা জাক্সার সবচেয়ে নির্ভরযোগ্য রকেট হিসেবে পরিচিত এইচ২-এ। গত শনিবার রকেটটি চাঁদের উদ্দেশে যাত্রার কথা থাকলেও আবহাওয়ার কারণে গতকাল রোববারে পিছিয়ে দেয়া হয়। কিন্তু এদিনও বিরূপ প্রকৃতি বাধা হয়ে দাঁড়ালে সোমবার পরিকল্পনা স্থগিত হয়।

তবে জাপানের বহুজাতিক প্রকৌশল প্রতিষ্ঠান মিৎশুবিশি এখনো চাঁদে অভিযানের পরবর্তী তারিখ উল্লেখ করেনি।

গত সপ্তাহে একটি রুশ মহাকাশযান চন্দ্রের পৃষ্ঠে বিধ্বস্ত হয়। তবে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে।

সাম্প্রতিক সময়ে মহাকাশ সম্পর্কিত একাধিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় চন্দ্র অভিযানের সাফল্যকে গুরুত্বের সঙ্গে দেখছেন এই খাতের বিশ্লেষকরা।