ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালাতে হামাসের পাশাপাশি মুসলিম বিশ্বের অন্যান্য দেশ ও সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

ইসলামিক জিহাদ মুভমেন্টের মহাসচিব জিয়াদ আল-নাখালাহ ও হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহর সাথে ভিন্ন টেলিফোনে কথা বলার পর ইরানের প্রেসিডেন্ট এক বিবৃতিতে এই আহ্বান জানান।

ইব্রাহিম রাইসি বলেন, এই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার জন্য ইহুদিবাদী ও তাদের মিত্ররাই দায়ী। এ জন্য তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি মুসলিমদের ফিলিস্তিনিদের সমর্থনের আহ্বান জানিয়ে হামাস ও ইসলামিক জিহাদ এবং ইরাক, লেবানন ও সিরিয়ার প্রশংসা করেন।

এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় ইসরায়েলিদের প্রাণহানির সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা হামাসের এই হামলায় আহত হয়েছেন আরও দুই হাজারের বেশি ইসরায়েলি।