পাকিস্তানের লাহোরে ড্রোন বিস্ফোরণ ও আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কার পর শহরের মার্কিন কনস্যুলেট জেনারেল তাদের সব কর্মীকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। খবর বিবিসি।

কনস্যুলেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, লাহোরের প্রধান বিমানবন্দরের আশপাশের কিছু এলাকা খালি করে দেয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতে পারে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, লাহোরে অবস্থান করা যেসব মার্কিন নাগরিক ‘বিপজ্জনক এলাকায়’ রয়েছেন, তারা যেন নিরাপদে অন্যত্র চলে যান। তবে নিরাপদে সরে যাওয়া সম্ভব না হলে, তাদের ঘরের ভেতর অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।

মার্কিন কনস্যুলেট জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ নির্দেশনা দেয়া হয়েছে।