ইসরায়েলি হামলায় নিহত ইরানি নাগরিক, শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের স্মরণে রাজধানী তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় জানাজা ও শোক মিছিলে অংশ নিয়েছে লাখো মানুষ। স্থানীয় সময় গতকাল সকাল ৮টায় তেহরানের ইঙ্গেলাব স্কয়ারে শুরু হয় এ শোকানুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), পরমাণু বিজ্ঞানী, ও সাধারণ নাগরিকসহ প্রায় ৬০ জন নিহত ব্যক্তির মরদেহ নিয়ে এ শেষ শ্রদ্ধার আয়োজন করা হয়। জানাজা শেষে শোক মিছিল ইঙ্গেলাব স্কয়ার থেকে প্রায় ১১ কিলোমিটার পথ অতিক্রম করে আজাদি স্কয়ার পর্যন্ত যায়। পুরো পথে শোকাহত জনতা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী শ্লোগান দেয়।

গত ১৩ জুন ইসরায়েল বিনা উসকানিতে ইরানের সামরিক, পরমাণু ও বেসামরিক স্থাপনাগুলোয় হামলা চালায়। এ হামলায় ৬০০-এরও বেশি মানুষ নিহত হয়, যাদের মধ্যে ছিলেন শীর্ষ সেনা কমান্ডার, বিজ্ঞানী ও সাধারণ নাগরিকরা।