কারাগার থেকে পাকিস্তানের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বক্তৃতা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠের অনুকরণে এ বক্তব্য প্রচার হয়। খবর সিএনএন।

গত আগস্ট থেকে কারাবন্দি তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এ নেতা। দুর্নীতি-রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান। আরো দাবি করেন, ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখতেই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

এর আগে গত মে মাসে ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তানের সব টেলিভিশন তার বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করা হয়। ওই সময় পাকিস্তান জুড়ে সহিংস পরিস্থিতি তৈরি হয়। এর ফলে দেশটিতে তিনদিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল।

গত রোববার (১৭ ডিসেম্বর) তেহরিক-ই-ইনসাফ পার্টির এক অনলাইন সমাবেশে ইমরানের বক্তব্য প্রচার হয়। চার মিনিট দৈর্ঘ্যের ওই ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রীর কণ্ঠ ফুটিয়ে তুলতে কৃত্তিম বুদ্ধিমত্তার আশ্রয় নেয়া হয়।

বক্তব্যে ইমরান খানকে বলতে শোনা যায়, ‘ঐতিহাসিক এ কাজ যারা করেছেন, প্রথমে তাদের ধন্যবাদ দিতে চাই’। পাকিস্তানিদের উদ্দেশ করে বলেন, সত্যিকারের স্বাধীনতা অর্জনে আজ আমি বদ্ধপরিকর।

ইমরান খানের ছবি ও আগে বিভিন্ন সময়ে পিটিআইয়ের সমাবেশে দেয়া বক্তব্য যুক্ত করা হয়েছে ভিডিওতে। শিরোনামে লেখা ছিল, ইমরান খানের নোটের ভিত্তিতে তার এআই কণ্ঠ।