মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে মধ্য মেক্সিকোতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৫ জন মেক্সিকান ও ১ জন ভেনেজুয়েলার । দেশটির আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউটের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আইএনএম আরো জানায়, মেক্সিকোর মিয়াহুয়াটলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে বাসে ভ্রমণকারী ৫২ জন যাত্রীর মধ্যে ভেনেজুয়েলার ১০ জন যাত্রী ছিল। তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি প্রবেশের অ্যাপয়েন্টমেন্ট ছিল।
দেশটির পুয়েবলা রাজ্যের কর্মকর্তারা একটি পৃথক বিবৃতিতে জানান, ভোরে একটি ট্রেলারের সঙ্গে যাত্রীবাহী বাসটির সংঘর্ষ ঘটে। এতে নিহতের পাশাপাশি আরো ৩৬ জন যাত্রী আহত হয় এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে নয়জন ভেনেজুয়েলার।
যদিও স্থানীয় গণমাধ্যম এর আগে জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই ভেনেজুয়েলার অভিবাসী। স্থানীয় রেড ক্রস ইউনিটের এক্স-এ শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে একটি সাদা বাস পড়ে আছে এবং উদ্ধারকারী দল অন্ধকারে কাজ করছে।










