জার্মানির একটি ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে দ্রুতগতির একটি গাড়ির চাপায় দুজন নিহত ও অন্তত ৬৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বার্লিনের প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে স্যাক্সনি-আনহল্ট রাজ্যের পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গে এ ঘটনা ঘটে। হতাহতের ঘটনায় ৫০ বছর বয়সী এক সৌদি নাগরিককে আটক করা হয়েছে। খবর রয়টার্স।
প্রিমিয়ার অব দ্য স্টেট রেইনার হ্যাসেলফ বলেছেন, নিহতদের মধ্যে একজন অল্পবয়সী শিশুও রয়েছে। এটি ম্যাগডেবার্গ শহরের জন্য, রাজ্যের জন্য এবং সাধারণভাবে জার্মানির জন্য একটি বিপর্যয়। নিহতের সংখ্যা বাড়তে পারে।
তিনি জানান, হামলাকারী জার্মানিতে প্রায় দুই দশক ধরে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি একজন চিকিৎসক। অভিযুক্তকে আটক করা হয়েছে, তাই শহরের আর কোনো বিপদের আশঙ্কা নেই।
কী কারণে এ গাড়িহামলা করা হলো, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি জার্মান কর্তৃপক্ষের কাছে ইসলামপন্থী হিসেবে পরিচিত ছিলেন না।
ম্যাগডেবার্গের দক্ষিণে বার্নবার্গ শহরেও অভিযান চালাচ্ছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ওই শহরে বাস করেন বলে ধারণা করা হচ্ছে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ এক্সে পোস্টে ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানিয়েছেন। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসারের সঙ্গে একত্রে তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।
হামলার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র ধনকুবের ইলন মাস্ক চ্যান্সেলরের সমালোচনা করে তাকে পদত্যাগ করার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, একটি গাড়ি বাজারের স্টলের দুই সারির মধ্যে দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তিদের ওপর উঠে যাচ্ছে। লোকজন মাটিতে ছিটকে পড়ে যাচ্ছে।










