যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক শ্বেতাঙ্গ
পুরুষের বন্দুক হামলায় তিন কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। এরপর আত্মহত্যা করেন ওই হামলাকারী।
স্থানীয় শেরিফ টি কে ওয়াটার্সের বরাত
দিয়ে খবরটি প্রকাশ করেছে সিএনএন। গতকাল শনিবার (২৬ আগস্ট) জ্যাকসনভিলার একটি জেনারেল
স্টোরে এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারী ২০ বছর বয়সী এক তরুণ বলে
জানিয়েছেন শেরিফ। ধারণা করা হচ্ছে, বর্ণবাদী চিন্তা থেকেই তিনি গুলি চালিয়েছেন। হামলার
পর ওই তরুণ আত্মহত্যা করেছেন।
শেরিফ ওয়াটার্স আরো জানান, নিহতের মধ্যে
দুজন পুরুষ ও একজন নারী। তারা সবাই কৃষ্ণাঙ্গ।
হামলাকরীর নাম প্রকাশ না করলেও শেরিফ
জানান, বাব-মায়ের সঙ্গে দক্ষিণ ফ্লোরিডার ক্লে কাউন্টিতে থাকতেন ওই তরুণ।
এরই মধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা সাম্প্রতিক
সময়ে বেড়েই চলেছে। এ নিয়ে তুমুল বিতর্ক থাকলেও অস্ত্র প্রতিরোধে এখনো কার্যকর ব্যবস্থা
নিতে পারেনি দেশটির কর্তৃপক্ষ। গান ভায়োলেন্স আরকাইভ ওয়েবসাইটের তথ্যানুযায়ী চলতি বছরে
যুক্তরাষ্ট্র বন্দুক সহিংসতায় ২৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।










