নিম্ন আদালতে খারিজ হওয়া সংসদ সদস্য পদ ফিরে পেতেই সংসদে হাজিরা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ সোমবার (৭ আগস্ট) সকালে লোকসভা থেকে এই বিষয়ে সুখবর পান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সুপ্রিম কোর্টের আদেশের ৪৮ ঘণ্টা পর রাহুলকে সাংসদ পদ ফিরিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আজ সকালে স্পিকারের সচিবালয় থেকে এ বিষয়ে নির্দেশ জারি হয়।

স্থানীয় সময় বেলা বারোটার দিকে সংসদে প্রবেশ করেন রাহুল গান্ধী। এর আগেই তাকে স্বাগত জানাতে সেখানে অবস্থান নেন দলের নেতাকর্মীরা।

‘মোদি’ পদবি নিয়ে রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল গুজরাটের নিম্ন আদালত। এর ফলে এই কংগ্রেস সাংসদের পদ খারিজ হয়ে যায়। সম্প্রতি সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

গত ৪ আগস্ট ভারতের শীর্ষ আদালত জানিয়েছিল, দণ্ডবিধি অনুযায়ী কী কারণে রাহুলকে সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছিল, তার কোনো কারণ ব্যাখ্যা করেননি গুজরাটের নিম্ন আদালতের বিচারক। এই আবহে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাস্তির ওপর স্থগিতাদেশ আসে।

সুপ্রিম কোর্ট এও বলে, যদি শাস্তির মেয়াদ একদিনও কম হত, তাহলে রাহুলের সাংসদপদ খারিজ হতো না। রাহুলের সাংসদপদ খারিজ হওয়ার প্রভাব শুধুমাত্র তার ওপর পড়ে না। বরং তার সংসদ এলাকার মানুষের ওপরও পড়ে। সেই পরিস্থিতিতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাস্তির ওপর স্থগিতাদেশ দেয়া হচ্ছে।