চলতি মাসে ইসরায়েল-ইরানের মধ্যকার ১২ দিনব্যাপী যুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় তেহরানের এভিন কারাগারে অন্তত ৭১ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির কয়েকদিন পর এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ইরানের বিচার বিভাগ। খবর আল জাজিরা।

গত ১৭ জুন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন আগে, ইসরায়েলের চালানো একটি আক্রমণে কারাগারটির প্রশাসনিক ভবনের একটি অংশ ধ্বংস হয়ে যায়। রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত এভিন কারাগারটি অত্যন্ত সুরক্ষিত একটি স্থাপনা। যেখানে বহু রাজনৈতিক বন্দি ও বিদেশী নাগরিক বন্দি রয়েছেন বলে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ।

ইরানের বিচার বিভাগীয় মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কারা প্রশাসনের কর্মী, নিরাপত্তারক্ষী, বন্দি, তাদের আত্মীয়স্বজন এবং আশপাশে বসবাসকারী সাধারণ নাগরিকরাও রয়েছেন।

কারাগারের চিকিৎসাকেন্দ্র ও বন্দিদের সাক্ষাৎ কক্ষ হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে বিচার বিভাগ। তবে হামলার ঠিক পরদিন, বিচার বিভাগ জানিয়েছিল, এভিন কারাগার থেকে বন্দিদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। যদিও কতজন বন্দিকে স্থানান্তর করা হয়েছে বা তারা কারা—তা জানানো হয়নি।

এভিন কারাগারে বিখ্যাত শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি, ফরাসি নাগরিকসহ বেশ কয়েকজন বিদেশি নাগরিক দীর্ঘদিন ধরে আটক রয়েছেন। এই হামলা ও প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, রাজনৈতিক বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে স্বচ্ছ তদন্ত প্রয়োজন।