মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। স্থানীয় মহামাসিনা স্টেডিয়ামে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসি।

দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান নটসের এই তথ্য নিশ্চিত করেছেন। ওই ঘটনার সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। তিনি বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা।’ পরে সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।

রেড ক্রসের কর্মকর্তা আন্তসা মিরাডো জানান, ঘটনার সময় স্টেডিয়ামের প্রবেশ পথে অসংখ্য মানুষ ছিল।

৪১ হাজার দর্শক ধারণ করতে পারে মহামাসিনা স্টেডিয়াম। ভিডিও ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকজন আহত ব্যক্তি মাটিতে বসে আছে। অন্যদের স্টেডিয়াম থেকে সরিয়ে নেয়া হচ্ছে।

ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের প্রচলন হয় ১৯৭৭ সালে। প্রতি চার বছর পরপর এটি অনুষ্ঠিত হয়। অংশ নেয়া দেশের মধ্যে রয়েছে কমরোস, মাদাগাস্কার, মরিশাস, সেশেলস, মালদ্বীপসহ আরো কিছু দ্বীপ।

এর আগে ২০১৮ সালে মাদাগাস্কার-সেনেগাল ফুটবল ম্যাচ শুরুর আগে মহামাসিনায় অতিরিক্ত ভিড়ে একজন নিহত ও ৪০ জন আহত হন।

২০১৬ সালে মাদাগাস্কারের জাতীয় দিবস উদযাপনের সময় একই স্থানে গ্রেনেড বিস্ফোরণে দুজন নিহত ও প্রায় ৮০ জন আহত হয়েছিলেন। ফ্রি কনসার্ট চলাকালে সেখানে ওই বিস্ফোরণ ঘটে। এছাড়া বছর দুই আগে একই স্টেডিয়ামের বাইরে গ্রেনেড বিস্ফোরণে এক শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হন।