সীমান্ত ইস্যুতে অবশেষে ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নতুন করে আরো প্রাচীর নির্মাণের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। খবর বিবিসি।
অবৈধ অভিবাসী স্রোত মোকাবেলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের অন্যতম প্রধান নীতি ছিল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ। যদিও নতুন করে সীমান্ত দেয়াল নির্মাণ না করার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন বাইডেন।
২০২১ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের দিন বাইডেন ঘোষণা দিয়েছিলেন, এ কাজের জন্য দেশের করদাতাদের আর কোনো অর্থ ব্যয় করা হবে না। তবে শেষ পর্যন্ত নিজের ঘোষণা করা নীতি থেকে সরে এলেন তিনি।
সম্প্রতি এক প্রজ্ঞাপনে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের মন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস বলেছেন, ‘অবৈধ অনুপ্রবেশ রুখতে যুক্তরাষ্ট্র সীমান্তের আশপাশে প্রাচীর ও সড়ক নির্মাণ অত্যন্ত জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের রিও গ্র্যান্ডে ভ্যালি এলাকায় নতুন এ প্রাচীর নির্মাণ করা হবে।’
অবৈধ অভিবাসন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জন্য বড় রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিরোধী রিপাবলিকানরা বলছেন, বাইডেনের শিথিল সীমান্ত নীতির কারণেই এমন বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তের পর মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, অবশেষে বাইডেন প্রশাসনের এমন পদক্ষেপ প্রমাণ করল ৫৬০ মাইল সীমান্ত দেয়াল নির্মাণ করে আমি ঠিক কাজই করেছি।










