ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দেড় শতাধিক মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল হামদানিয়া জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। কী কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

তবে প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বর এবং কনেও রয়েছে।

ইরাকি বার্তা সংস্থা নিনার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা যায় কয়েকটি অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও স্থানীয় সাংবাদিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে ইভেন্ট হলের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা যায়। 

ভবনটিতে কিছু দাহ্য বস্তু থাকায় আগুন খুব দ্রুতই পুড়ো ভবনে ছড়িয়েছে। এদিকে ভবনটির নির্মাণে স্বল্পমূল্যের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে বিয়ের ইভেন্ট হলের কিছু অংশ ধ্বসে পড়েছে বলে জানিয়েছেন ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। বার্তা সংস্থা জানিয়েছে, ভবনে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। আহতদের হামদানিয়ার প্রধান হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।