লাতিন আমেরিকার দেশ গায়ানার একটি স্কুলের
হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দুর্ঘটনায় ১৯ জন নিহত হওয়ার খবর দিয়েছে সংবাদমাধ্যম
সিএনএন। এ ঘটনায় আরো বেশকয়েকজন আহত হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
দেশটির সরকারি বিবৃতির বরাতে সিএনএন জানিয়েছে,
রোববার (২১ মে) রাতে মাহদিয়া শহরের একটি মাধ্যমিক স্কুলের ছাত্রীদের হোস্টেলে আগুন
লেগ ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু ছাড়া বাকি সবাই নারী।
এ ঘটনায় এর আগে ২০ জনের মৃত্যুর খবর দিয়েছিল
তারা। পরে সংখ্যা সংশোধন করে ১৯ জনের মৃত্যুর কথা জানায় তারা।
দেশটির প্রেসিডেন্ট ইরফান আলি স্কুলে অগ্নিকাণ্ডের
এ ঘটনাকে বড় বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। প্রেসিডেন্ট বলেছেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা
নিশ্চিত করার জন্য রাজধানী জর্জটাউনের দুটি হাসপাতালকে নির্দেশ দেয়া হয়েছে। আহত শিশুরা
যেন ভালো চিকিৎসা পায় তা নিশ্চিতেরও নির্দেশ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার ছোট দেশ গায়ানার
জনসংখ্যা মাত্র ৮ লাখ। সাবেক ডাচ ও ব্রিটিশ এ উপনিবেশের জনসংখ্যার সবাই ইংরেজি ভাষী।
মাথাপিছু হারে বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে দেশটিতে।










